বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকট সমাধানে এশিয়ার সব দেশকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি)-এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে’র নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পানি সংকট বর্তমানে অনেক দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এ সংকট আরও তীব্র হচ্ছে।
তিনি বলেন, পানি ব্যবস্থাপনা ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা চালিয়ে আসছে।
সাক্ষাতে এএডব্লিউসির জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে পানি সংকট মোকাবিলায় এশিয়ার সংসদ সদস্যদের সম্পৃক্ত করার উদ্যোগে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসির বার্ষিক সম্মেলনে অংশ নিতে স্পিকারকে আমন্ত্রণ জানান।
স্পিকার বলেন, পানি সংকট সমাধানে এএডব্লিউসি যে উদ্যোগ নিয়েছে, তা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংসদ সদস্যদের এ উদ্যোগের সঙ্গে যুক্ত করার বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম। সংগঠনটি পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে।
সাক্ষাতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।