পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউননের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, আইএলও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার এ এন এম তানজেল আহসান এবং এলেক্সিয়াস চিকাম উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আইএলও’র পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে। তিনি উল্লেখ করেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পার্বত্য অঞ্চলের দারিদ্র্য বিমোচন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ পুনর্গঠন করা হলে আইএলও’র উন্নয়নমূলক কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। অতীতে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের জন্য তিনি আইএলও প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কৃষি উন্নয়ন, জীবিকা সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ, স্বাস্থ্য ও পুষ্টি খাতের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ সময় আইএলও প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রামে সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বমূলক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে।