একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া চত্বরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকের শুরুতেই গুতেরেস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে বহুপাক্ষিক কূটনীতি, বিশ্বশান্তি রক্ষা এবং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় বিশ্ব অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ বিবেচনায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা কিছুটা বাড়ানোর বিষয়েও জাতিসংঘ মহাসচিবের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
মাহ্দী আমিন জানান, বহুপাক্ষিক কূটনীতি ও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের জন্য জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতিও তুলে ধরেন।