১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা দিবস বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন।
তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক লংমার্চে অংশ নেয়। সেই আন্দোলনের মধ্য দিয়ে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের সম্ভাব্য পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।
বাণীতে মির্জা ফখরুল অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে অভিন্ন নদীগুলোর পানি একতরফাভাবে প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, এর ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানিসংকট, পরিবেশগত ভারসাম্যহীনতা ও মরুকরণের আশঙ্কা তৈরি হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ফারাক্কা দিবস আজও অত্যন্ত প্রাসঙ্গিক এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।
তিনি ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেওয়া কর্মসূচির সাফল্য কামনা করেন।