ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সৈয়দা সাদিয়া ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে অভিযোগের তথ্য যাচাই শুরু করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে জেলার বিভিন্ন উপজেলার পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাদিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, সাদিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাদিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।