বাজার তদারকি কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে হবে।
রবিবার (৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই সক্ষমতার চেয়ে কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মোটিভেশন শুধু তাত্ত্বিক বিষয় নয়, এটি বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব।
মো. আতাউর রহমান খান জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা বাজার মনিটরিংয়ে কাজ করছে। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি আরও জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনায় বাজার তদারকি ব্যবস্থা আধুনিক করতে শিগগিরই একটি পাওয়ার অ্যাপ (Power App) তৈরি, টিসিবির কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল প্রণয়ন এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে বাজার নজরদারি আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।