বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। অভিযানগুলো শনিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়ে রবিবার (১১ অক্টোবর) ভোর পর্যন্ত চলমান ছিল।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, গতকাল শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
আটক মো. ইসলাম (২৫) এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক- বি/৮১ এ মো. হোসেনের ছেলে। এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক-বি/৭৪ মো. জলিলের ছেলে মো. মোজিবুল্লাহ (২৩)।
অপরদিকে, রবিবার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৫ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ২ জন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সীমান্তে মাদক পাচার রোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।