বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এতে আরও বলা হয়, বর্তমানে আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানানো হয়েছে। অভিযান শেষ হলে যথাসময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।