সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা বাড়াচ্ছে পুলিশ। এ ধরনের নাশকতা প্রতিরোধে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আইজিপি পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দেন। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।