দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।
বৃহস্পতিবার (২ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভসেক (এভিয়েশন সিকিউরিটি) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযানে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিজিএফআইয়ের একটি দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালায়। এ সময় এভসেকের সহায়তায় ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। স্বর্ণের চালানটি কীভাবে বিমানের কার্গো হোল্ডে পৌঁছাল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।