রাজধানীতে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।
এ সভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী পাঁচ বছরে এই বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অন্যতম অগ্রাধিকার হবে। জনগণকে এতে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, কর্মসূচি সফল করতে গাছের চারা সংগ্রহ, প্রজাতি নির্বাচন এবং অঞ্চলের মাটি অনুযায়ী উপযুক্ত বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রমের সমন্বয়ও করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রথম ধাপে ৫ কোটি বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। বন উজাড় রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।