দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়ায় ভারত থেকে নতুন করে ডিজেল আমদানি করেছে বাংলাদেশ। ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে প্রায় ৪ হাজার টন বা ৪৭ লাখ লিটার ডিজেল এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এই তেল পৌঁছেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এটি পাইপলাইনের মাধ্যমে আসা ডিজেলের ৭২তম চালান।
পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, গত ১৩ সেপ্টেম্বর পাইপলাইনে তেল দেওয়া শুরু হয়। সরবরাহ শেষ হয় ১৫ সেপ্টেম্বর।
২০১৮ সালে সই হওয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ২০ লাখ টন ডিজেল আনবে বাংলাদেশ। ২০২৩ সালের মার্চে এই পাইপলাইনটি উদ্বোধন করা হয়। এটি চালুর পর থেকে এই পথে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি খাত একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দুই দেশের মধ্যে এটিই প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। এই পাইপলাইনের মাধ্যমে বছরে ১০ লাখ টন হাই-স্পিড ডিজেল পরিবহন করা সম্ভব।
চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তৈরি হওয়া সংকট মেটাতে মার্চে পাইপলাইনে ১৭ হাজার টন ডিজেল আনা হয়। এরপর এপ্রিলে ২৫ হাজার, মে মাসে ৮ হাজার ও জুলাইয়ে আরও ৮ হাজার টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।