ভারতে যাওয়ার ভিসা পেতে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামার ফর্ম সহজতর করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আবেদনকারীরা যাতে আরও সহজে ও সুবিধাজনকভাবে এটি পূরণ করতে পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগটি ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও বেশি আবেদনকারী—বান্ধব করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশনের চলমান প্রচেষ্টারই অংশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা—সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনেই এই নিয়ম কার্যকর করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামাই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।
সংশোধিত ফর্মটি প্রায় তিন সপ্তাহ আগে আইভ্যাক (ওঠঅঈ) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
দুতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কাগজপত্রের জটিলতা কমানো এবং আইভ্যাক—এর মাধ্যমে ভিসা আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীদের প্রক্রিয়াটি সহজতর করা।
সংশোধিত নির্ধারিত ফরম্যাটটিকে প্রমিত করা হয়েছে। যাতে সব ধরনের ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি সহজ এবং অভিন্ন হয়।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভিসার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত বা নিয়ম প্রবর্তন করা হয়নি।