ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জরুরি পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে থাকা দেশটির নিজস্ব রিজার্ভ তহবিল থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে প্রায় ১ হাজার ৩৫০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
সরকারি তথ্যমতে, এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। এতে ১৭ হাজার ৯০৭ জন মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি এক লাখের বেশি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
উদ্ধার ও ত্রাণকাজে ২ হাজার ২৭৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী, প্রায় ৩১ হাজার জরুরি সাড়াদানকারী এবং ৩১ হাজারের বেশি স্থানীয় স্বেচ্ছাসেবক কাজ করছেন। সরকার ইতোমধ্যে ১ কোটির বেশি খাদ্যসামগ্রী এবং ৩ কোটি ২০ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ডেলসি রদ্রিগেজ জানান, আইএমএফের অনুমোদনের ফলে রিজার্ভ তহবিল থেকে ছাড় করা অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং জরুরি জনসেবা চালু করতে ব্যয় করা হবে। তিনি সংকটের সময়ে সহযোগিতার জন্য আইএমএফের প্রতি কৃতজ্ঞতা জানান।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, জরুরি মানবিক চাহিদা পূরণে আইএমএফ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স