মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, ড্রেন ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সেবা দ্রুত দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১ মাঠকর্মীকে ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান কর্মকর্তা-কর্মচারীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রশাসক বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল দেওয়ার ফলে নাগরিক সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে যেসব সড়কে গাড়ি চলাচল করতে পারে না, সেসব এলাকায় মোটরসাইকেলে সহজে পৌঁছানো যাবে।
মোটরসাইকেল পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেন ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সেবার কাজে দায়িত্ব পালন করবেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য হায়ার পারচেজ পদ্ধতিতে মোট ৪৮ লাখ টাকা ব্যয়ে এসব মোটরসাইকেল কেনা হয়েছে।
এর মধ্যে রাজস্ব বিভাগের সাতজন, স্বাস্থ্য বিভাগের ছয়জন, প্রকৌশল বিভাগের চারজন, সচিব দপ্তরের দুজন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন এবং প্রশাসক দপ্তরের একজন মোটরসাইকেল পেয়েছেন।
বরাদ্দ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা ১২০টি কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করবেন। ঋণ পরিশোধ শেষ হলে মোটরসাইকেলগুলো তাদের নামে হস্তান্তর করা হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।