মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে সারাদেশে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১ মে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ অভিযানে অংশ নিচ্ছে।
তিনি বলেন, দেশে মাদকের বিস্তার একদিনে হয়নি। তাই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জোরালো ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকবিরোধী অভিযানে শুধু ব্যবহারকারীদের নয়, বরং বড় চোরাচালানকারী এবং সীমান্ত দিয়ে মাদক আনার সঙ্গে জড়িতদের আগে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় সমাজকল্যাণ মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ জাতীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।