চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন শক্তিশালী সামাজিক প্রতিরোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশ।
রোববার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবারই হলো সামাজিক প্রতিরোধের মূল ভিত্তি। পরিবার থেকে শিশু-কিশোরদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে মাদকাসক্তি প্রতিরোধ অনেক বেশি কার্যকর হবে।
সিএমপি কমিশনার আরও বলেন, তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে মাদকের ভয়াবহ প্রভাব থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।
সেমিনারে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা এবং সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলমগীর।