সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
তিনি জানান, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে হয়। সে কারণেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিইসি আরও বলেন, সংসদ অধিবেশনে থাকলে নির্বাচন এক পদ্ধতিতে হবে, আর অধিবেশন না থাকলে অন্য পদ্ধতি অনুসরণ করা হবে। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য সংসদ সচিবালয়ের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসাবে আগামী ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।