নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যৌথ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিয়মিত নৌ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার সোনাচরা এলাকার স্কুলঘাটসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ অভিযান চালানো হয়।
নৌ পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে মো. রাজু আহম্মেদ (২৫) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজুর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে একটি কাঠের বাটযুক্ত বাংলা দা, একটি প্লাস্টিকের বাটযুক্ত চাইনিজ চাপাতি এবং একটি কালো কভারসহ ছোরা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন এবং পালিয়ে যাওয়া সহযোগীদের পরিচয় জানিয়েছেন।
নৌ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নদীপথে ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।