পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মালদ্বীপের প্রতি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে শ্রমবাজারভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সহায়ক হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার, যোগাযোগ, বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আলোচনার সময় প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের যাতায়াত সহজ হবে এবং পারস্পরিক যোগাযোগও আরও গতিশীল হবে।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা সংকটে মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সার্ককে সক্রিয় ও কার্যকর আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।
উভয় পক্ষই বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিমান যোগাযোগ এবং শ্রমখাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা মত দেন, দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ সম্ভাবনাকে কাজে লাগাতে বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।
মালদ্বীপের হাইকমিশনার তার দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। বিশেষ করে স্বাস্থ্যখাতে বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতার কথা উল্লেখ করে তিনি এ খাতে আরও জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকের এক পর্যায়ে হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। অন্যদিকে, বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক উচ্চপর্যায়ের কয়েকটি আয়োজনে মালদ্বীপের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।