ভ্যাট অডিট ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়াতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ই-ভ্যাট ব্যবস্থায় ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ চালুর মাধ্যমে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় ২০টি ঝুঁকি সূচক নির্ধারণ করে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়েছে।
এনবিআর বলছে, ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্ধারিত অগ্রাধিকার ও ওয়েটেজের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি। এতে অডিট নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা সম্ভব হয়েছে, যা দীর্ঘদিন ধরেই করদাতা ও সুশীল সমাজের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল।
সংস্থাটি আরও জানিয়েছে, এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানের অডিট শেষে প্রত্যাশিত ফল না পাওয়া গেলে ভবিষ্যতে ঝুঁকি নির্ধারণের সূচক ও ওয়েটেজ প্রয়োজন অনুযায়ী পুনর্বিবেচনা করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাদানকারী প্রতিষ্ঠান, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান।
এনবিআরের প্রত্যাশা, এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, কার্যকারিতা ও জবাবদিহি আরও বাড়বে। একই সঙ্গে করদাতাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে।