সচিবালয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে এবার পরিবেশ মন্ত্রণালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে পরিবেশ মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় তাকে নিজ মন্ত্রণালয়ে নিয়ে যান পরিবেশ প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম।
এর আগে গতকাল সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ধারাবাহিক এ পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং সংশ্লিষ্ট খাতের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তিনি।
পরিদর্শনগুলোতে মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের গতিশীলতা, জনসেবার মান বৃদ্ধি এবং সরকারি উদ্যোগগুলোর বাস্তবায়ন পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সরকারি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।