দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সেবার আওতায় এনে রাষ্ট্রীয় সেবা সহজলভ্য করতে দ্রুত ডিজিটালাইজেশন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। কারণ, প্রযুক্তির কোনো বিকল্প নেই।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার দেশের সব খাতে দ্রুত ডিজিটালাইজেশন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। শুধু অর্থনৈতিক অন্তর্ভুক্তি নয়, নাগরিকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতেও একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ঘরে বসেই প্রয়োজনীয় সরকারি সেবা পাওয়া গেলে মানুষের সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হবে। একই সঙ্গে উৎপাদনশীলতা বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু নতুন প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেসব সেবা ও উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। পাশাপাশি শেয়ারবাজার, বীমা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।