সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এ তথ্য জানান।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সমন্বয়, প্রয়োজনীয় তথ্য ও কারিগরি তথ্য বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা ও দূষণ প্রতিরোধে যৌথ কার্যক্রম এবং সামুদ্রিক Search and Rescue (SAR) কার্যক্রমে সহযোগিতা জোরদার করা হবে।
এ ছাড়া যৌথ সভা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম ও জরুরি মহড়া আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক বিধিবিধান বাস্তবায়নেও পারস্পরিক সহযোগিতা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, নৌপরিবহন অধিদপ্তর নৌযানের নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও দূষণ প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে। অন্যদিকে কোস্ট গার্ড সামুদ্রিক এলাকায় আইন প্রয়োগ ও বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে। দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ সামুদ্রিক দুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া এবং সমুদ্রে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারকে নিয়মিত কমপ্লায়েন্স পর্যালোচনা, SAR বিষয়ে প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) হালনাগাদের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ সমঝোতা বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রশাসনিক সক্ষমতা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক অঙ্গনে দেশের দায়িত্বশীল ভূমিকা আরও সুসংহত করবে।