ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘২য় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্টের প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। রানারআপ হয়েছেন আকবর হোসেন। অন্যদিকে, অ্যামেচার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. শরিফ হোসেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাসহ গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।