জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারির সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন জনগণের কাছে হারানো আস্থা অনেকটাই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতিও মানুষের আস্থা অনেকটা ফিরে এসেছে।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার করতে কাজ চলছে বলেও জানান তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিটি কাজের মূল মাপকাঠি হলো তার সাফল্য ও ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেছে। এর মাধ্যমে তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।
তিনি বলেন, জনগণের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। একই মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।