আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ্য ও জনগণের ভোটে জয়ী হতে পারবেন— এমন গ্রহণযোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে-ভিউ হোটেলে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের প্রায় সাড়ে চারশ নেতা-কর্মী এই মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নেতা-কর্মীদের সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতা-কর্মীদের আরও সজাগ থাকতে হবে। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ ৫০ ভাগ কমে যাবে। নিজেদেরও কোনো অপরাধে জড়ানো যাবে না। এ ক্ষেত্রে দল কাউকে কোনো ছাড় দেবে না।’’
সভায় উপস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের ছড়ানো নানামুখী গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে সরকারের ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (২০ অক্টোবর) এক দিনে তিন বিভাগে সফর করেন। মঙ্গলবার বিশেষ সামরিক বিমানে করে রংপুর ও রাজশাহী হয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছান। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা সেরে সরাসরি তিনি নগরের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যান।
সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন। এরপর বিএনপির সাংগঠনিক সভার কর্মসূচি শেষে তিনি একই বিমানে ঢাকা ফিরে যান।