ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাংড়া পাড়ার ক্ষুদ্রনৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সহায়তা বিতরণ করেন। পরে বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স একই কর্মসূচির আওতায় সহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা কর্মসূচি আরো জোরদার করা হয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার স্বাতন্ত্র্য রক্ষার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল-মত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবাইকে দেশ পুনর্গঠনের কাজে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা ও অ্যাডভোকেট সুভ্রা পান্থ্রা উপস্থিত ছিলেন।