বিশ্বকাপে লাল কার্ড দেখেছেন ফুটবলার। কিন্তু বিশ্বকাপে তার শাস্তি পাবেন না তিনি! শুধু এই বিশ্বকাপই নয়, আগামী এক বছরের মধ্যে কার্যকর হবে না সেই শাস্তি। অর্থাৎ সাসপেনশনের শাস্তি নিজেই হয়ে গেল সাসপেন্ড। অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল চলতি বিশ্বকাপ।
যে ঘটনার কেন্দ্রে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বলোগান। আলজেরিয়ার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন বলোগান। তবে থাকছেন না।
কারণ আপাতত তার শাস্তি তুলে নিয়েছে ফিফা। সঙ্গে জানিয়ে দিয়েছে, এক বছরের মধ্যে সেই শাস্তি কার্যকর হবে না। ফুটবল নিয়ামক সংস্থার বিবৃতি, ‘এফডিসি-র আর্টিকেল ২৭ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ফোলারিন বলোগানের সাসপেনশন এক বছরের জন্য স্থগিত করা হল।’
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টুইট, ‘এক অনায্য সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ফিফাকে ধন্যবাদ।’
কোন মন্ত্রে হঠাৎ এই ভোলবদল ফিফার? শোনা যাচ্ছে, এর নেপথ্যে রয়েছে ট্রাম্পের চাপ! হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতির অফিস থেকে বলোগানের শাস্তি প্রসঙ্গে ফোন গিয়েছিল ফিফার কাছে। ট্রাম্প নিজেই কথা বলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে। তারপরই বলোগানের শাস্তি তুলতে আইনের এমন একটা ধারা আমদানি করা হয়, যার অস্তিত্ব সম্পর্কে সম্ভবত ওয়াকিবহালই ছিলেন না কোনও অতি বড় ফুটবল ভক্তও। বিশ্বকাপের মতো মঞ্চে ব্যবহার তো পরের কথা।