২০২৭ সালের মার্চে প্রথমবার নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কাঠমান্ডুতে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর এক বৈঠকের পর।
নেপালের রাষ্ট্রদূত বিসিবি কার্যালয়ে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই বৈঠকে প্রস্তাবিত সফরসহ দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি। সংস্থাটি মনে করছে, এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ ও নেপাল একসঙ্গে এসে বন্ধুত্ব ও সংহতির বার্তা দিতে পারবে।