টানা ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলায় চলমান টানা ভারী বর্ষণের ফলে সাজেকের বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।
এই উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সাজেকের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।