কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ফাঁকা কার্তুজ ও গান পাউডার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টার দিকে টেকনাফ থানার মহেশখালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলা, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।