ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আবুল হাসান মৃধাকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জারি করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।
বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিধি অনুযায়ী আগামী ছয় দিনের মধ্যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ মিশনে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে আবুল হাসান মৃধাকে।
আবুল হাসান মৃধা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
এ ছাড়া রাশিয়া, ওমান, কলকাতা ও লন্ডনে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন তিনি।