জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দিয়েছেন।
বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনকপস ২০২৬ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই দিনব্যাপী এই সম্মেলনে জাতিসংঘের সদস্য দেশগুলোর পুলিশ প্রধান ও নীতিনির্ধারকেরা বিশ্বশান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সম্মেলনের মূল বিষয় ছিল জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ, নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং আন্তঃদেশীয় অপরাধীচক্রের বিস্তারের কারণে প্রচলিত পুলিশিং ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে হবে।
তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের পুলিশ বাহিনীতে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার অপরাধ তদন্ত, ফরেনসিক, ইমিগ্রেশন পুলিশ এবং গোয়েন্দাভিত্তিক পুলিশিংয়ের সক্ষমতা বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সেরা অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের জন্য ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রতিবছর পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান।
তিনি শান্তি, মানবতা ও উদ্ভাবনের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি আধুনিক জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।