প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাকে শুভেচ্ছা জানাতে সোমবার (১৩ জুলাই) ভোর থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি বরিশালের উদ্দেশে রওনা হন। তার গাড়িবহর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে বরিশাল যাওয়াকে কেন্দ্র করে মাদারীপুরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভোর থেকেই শিবচরের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা। একই সময়ে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডে জেলা বিএনপির নেতা-কর্মীরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড়ো হন।
এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে, বিশেষ করে ভাঙ্গা পর্যন্ত, বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, শিবচর হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল যাচ্ছেন।
তাকে একনজর দেখার আশায় ভোর থেকেই মহাসড়কে ভিড় করেন তারা। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরাও সেখানে উপস্থিত হন।
শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাওয়ায় শিবচরের নেতা-কর্মী ছাড়াও সাধারণ সমর্থকদের মধ্যেও অন্যরকম আনন্দ বিরাজ করছে। সবাই তাকে শুভেচ্ছা জানাতে মহাসড়কে এসেছেন এবং সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী শিবচর হয়ে বরিশাল যাবেন-এ খবরেই নেতা-কর্মীরা আবেগাপ্লুত হয়ে মহাসড়কে জড়ো হয়েছেন। ভালোবাসা থেকেই তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসেছেন।