পথশিশুদের ধীরে ধীরে পথ থেকে ঘরে নেওয়ার ব্যবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত ‘শিশুশ্রম নিয়ে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু যাতে বাসাবাড়িতে কাজ না করে, সে বিষয়ে ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নিতে হবে। শিশু নির্যাতনের ঘটনায় অনেক সময় আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যায়। শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিও কর্মকর্তাদেরও এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রীর নেওয়া ছোট ছোট উদ্যোগকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
সংলাপে শিশুশ্রম নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। তারা শিশুশ্রম পরিস্থিতি, শিশু সুরক্ষা এবং এ বিষয়ে করণীয় নিয়ে নিজেদের মতামত ও তথ্য তুলে ধরেন।