প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন।
বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, নৌযান নির্মাণ (শিপবিল্ডিং), যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
এ ছাড়া বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় হবে।