বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। এ লক্ষ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।
সাক্ষাতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সিঙ্গাপুর তাদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করে।
এ ছাড়া বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে সিঙ্গাপুরের চলমান আগ্রহ, বিমান চলাচল খাতের উন্নয়ন, বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার আধুনিকায়ন, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্নের উদ্যোগ, কার্বন ক্রেডিট সহযোগিতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকটি আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।