বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং জনস্বার্থে পূর্বের আদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশের মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বাড়ানোয় যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ পাবেন। এতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে।