ব্যাংককর্মীকে অপহরণ, মারধর, ছিনতাই ও চাঁদা দাবির মামলায় অভিযুক্ত হওয়ার পর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপি ও সদস্যসচিব আখতার হোসেন এমপির নির্দেশে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে হবে। নোটিশ জারির সঙ্গে সঙ্গে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এর আগে এক ব্যাংককর্মীকে জোর করে তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশের মাধ্যমে অর্থ দাবি করার অভিযোগে শওকত ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়।
পরে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।