প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের কারণে এই প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।
শহীদুল করিম বলেন, ‘আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।’ এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, ‘আমরা পুনরায় বলছি, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমাদের “বাংলাদেশ ফার্স্ট” নীতি অনুসরণ করে যাব।’