প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ হোসেন স্বাধীন নিশ্চিত করেছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র তুলে দেন।
এদিকে, আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর সৌদি সফরের সম্ভাব্য সময়সূচি বা সফরসংক্রান্ত বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
সৌদি আরবের পক্ষ থেকে এ আমন্ত্রণ দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও উচ্চপর্যায়ের যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।