নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে এক পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।