জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
রবিবার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে আরও বলা হয়, এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তই শেষবারের মতো নেওয়া হয়েছে। নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র হালনাগাদ করলে মোটরযানের মালিক ও চালকদের অতিরিক্ত জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর জরিমানা ছাড়া হালনাগাদের এ সুযোগ আর থাকবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।