দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মুখ্য নয়। সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, সরকার দেশের সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। একই সঙ্গে সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে সম্মানি ভাতার চেক তুলে দেন।