রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি সিলেট সফর করবেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।
পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোও পরিচ্ছন্ন করা হয়েছে।
সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করেছে।
রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।