গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তির পক্ষে বাংলাদেশ। বিদ্যমান চুক্তি শুধু নবায়ন না করে নতুন চুক্তিতে দেশের পানির অধিকার নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ রাখার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বলেন, নদী বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তাই আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টনসহ নদী রক্ষায় দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে নদীগুলো নানা ধরনের ক্ষতির মুখে পড়ছে। নদীদূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।
এ সময় বুড়িগঙ্গা নদীর দূষণকে রাজধানীর জন্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। এর ফলে প্রতিবছর বাংলাদেশকে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। চুক্তিটি নবায়ন না করে নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থান এরই মধ্যে আলোচনায় এসেছে।