পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে তিনি এই সফর করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ১ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক ত্যাগ করেন। এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন। পাশাপাশি বিশ্বনেতা, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।
নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি বৈঠক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে জানান।