রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। উচ্ছেদের সময় ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকালে মিরপুর ১০-এ ফুটপাতে দোকানপাট উচ্ছেদ করতে যায় উত্তর সিটি করপোরেশন।
সঙ্গে পুলিশও ছিল। এক পর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। দুপুর ১২টার দিকে হকারদের মিরপুর আইডিয়াল কলেজের সামনের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে পুলিশের অবস্থান ছিল ১০ নম্বর গোল চত্বর এলাকায়।এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।