আসন্ন শারদীয় দুর্গাপূজায় দেশের সব পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত এ নজরদারি চালানো হবে বলে জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত জানাতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক যোগাযোগ ও নজরদারি অব্যাহত থাকবে। কোনো মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সবাই সতর্ক রয়েছে।
পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প হিসেবে জেনারেটর এবং সেটিও কাজ না করলে চার্জার লাইটসহ বিকল্প আলোর ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে দুর্গাপূজায় এবার সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে সরকারি ছুটি তিন দিন হওয়ায় শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।
সবার সহযোগিতা ও নজরদারিতে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।